সিল্কসিটিনিউ ডেস্ক:
ইউক্রেনের কিয়েভ ও ঝিতোমির অঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শীত বাড়তে থাকায় ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো।
রয়টার্স জানায়, ওদেসা উপকূলের কাছে সমুদ্রে থাকা একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায় রাশিয়া। এতে দেশটির বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। এর এক সপ্তাহ আগে এসব হামলা চালানো হলো।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পোলতাভা, দিনিপ্রো, কিরোভোহরাদ ও রিভনে অঞ্চলেও হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভেও হামলা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তাঁরা এসব তথ্য জানান। এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপদ্বীপটির বাইরে একটি দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মস্কোর নিয়োগ দেওয়া এক কর্মকর্তা।
অন্যদিকে, ক্রিমিয়ার পাশের রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারের কাছে ড্রোন হামলায় দেশটির অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোনের একটি পণ্য সংরক্ষণ ও সরবরাহকেন্দ্রে আগুন ধরে যায়। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পেছনে ঠিক কী দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দুই দেশই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।
গত মাসে ক্রেমলিনের এক উপদেষ্টা বলেছিলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন পক্ষের শান্তি আলোচনার বিষয়ে মস্কোর অবস্থান কিছুটা নির্ভর করবে রাশিয়ার জাতীয় ঐক্য দিবসে ইউক্রেন বড় ধরনের হামলা চালায় কি না, তার ওপর। রাশিয়ায় প্রতিবছর ৪ নভেম্বর সরকারি ছুটি হিসেবে দিবসটি পালন করা হয়।









