খেলা

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নিউজিল্যান্ডের ব্যাটার

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

একটার পর একটা ধাক্কা খাচ্ছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারার পরেই এবার ওয়ানডে সিরিজের আগে দুঃসংবাদ।

চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র।
এবার অনুশীলনে মাথায় আঘাত পেয়ে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন ডেভন কনওয়ে। একের পর এক ক্রিকেটারকে হারিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় কিউই শিবির।

আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।

তার আগের দিন আজ অনুশীলনে পেসার ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা খান কনওয়ে। এতে মাথায় আঘাত পান বাঁহাতি ওপেনার। দুজনকেই মাঠে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। পরে কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষায় তার কনকাশন ধরা পড়ে। ফলে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না ৩৫ বছর বয়সী ব্যাটারের।

 

তবে হেনরি কনকাশন পরীক্ষা শেষে ভালো আছেন বলে জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কনওয়ের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে টিম সেইফার্টকে। শুরুতে প্রথম দুই ওয়ানডের বিবেচনায় থাকলেও সোমবার উইকেটরক্ষক-ব্যাটারকে পুরো সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কনওয়ের এমন দুসংবাদে হতাশ হয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘সে (সেইফার্ট) আমাদের স্কোয়াডের বিকল্প ব্যাটার। ডেভ খেলতে না পারলে সম্ভবত সরাসরি সেইফার্টই জায়গা পাবে। কনওয়ের না থাকাটা দুঃখজনক। ওয়ানডেতে সে খুব ভালো একজন ক্রিকেটার।’