খেলা

আজ স্পেনের মাটিতে নামছে পিএসজি, সতর্ক এনরিকে

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্লোভান ব্রাতিস্লাভার জালে ছয় গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করেছিল পিএসজি। এরপর ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো পরাশক্তিদের জালেও এক হালি করে বল জড়িয়েছে ফরাসি জায়ান্টরা।

সেই দুর্দান্ত ও নিখুঁত সূচনা বজায় রেখেই আজ (মঙ্গলবার) রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে আতিথ্য নিতে যাচ্ছে লুইস এনরিকের দল।
ইউরোপের শীর্ষ ফুটবল মঞ্চে দুই ইউরোপিয়ান জায়ান্টের বিপক্ষে পাওয়া সেই দুর্দান্ত জয়গুলো যেন খেলোয়াড়দের মনে কোনো ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস বা আত্মতুষ্টির জন্ম না দেয়, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।

চলতি টুর্নামেন্টে টানা জয়ের সুবাদে শতভাগ সাফল্য ধরে রেখে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে ফরাসি ক্লাবটি। অন্যদিকে, তিন ম্যাচের দুটিতেই হেরে কিছুটা ধুঁকছে ভিয়ারিয়াল।

তবে শক্তির বিচারে পিছিয়ে থাকা এই স্প্যানিশ প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এনরিকে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, ‘যদি কারও মনে এমন ধারণা জন্মায় যে এখন পর্যন্ত পাওয়া দুর্দান্ত ফলগুলোই আমাদের আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটি জিতিয়ে দেবে, তবে সেটা হবে এক চরম ভুল। মাঠে উচ্চাকাঙ্ক্ষা, জয়ের তীব্র সংকল্প এবং পুরো ৯০ মিনিট ধরে সমানতালে দৌড়ানোর সামর্থ্য না থাকলে ম্যাচ জেতা অসম্ভব হয়ে দাঁড়াবে।’

ভিয়ারিয়ালের কোচ ইনিগো পেরেজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এনরিকে আরো বলেন, ‘আমরা একটি অত্যন্ত শক্তিশালী ভিয়ারিয়াল দলের বিপক্ষে খেলতে নামছি, যারা এই আসরে এখন পর্যন্ত বেশ কিছু কঠিন ম্যাচ খেলেছে।

তারা দারুণ গোছানো একটি দল, যার ডাগআউটে বুদ্ধিদীপ্ত এক কোচ রয়েছেন। খেলার শুরু থেকেই আমাদের প্রমাণ করতে হবে যে আমরা শতভাগ প্রস্তুত এবং মাঠ জয়ের জন্য আমাদের ভেতরে তীব্র ক্ষুধা কাজ করছে। মনে রাখবেন, এই ম্যাচের ক্ষেত্রে অতীতের বড় জয় বা ফলাফলের বিন্দুমাত্র মূল্য নেই।’
বর্তমান চ্যাম্পিয়নদের মানসিকতার কথা উল্লেখ করে এনরিকে বলেন, ‘এটা চ্যাম্পিয়নস লিগ। এখানে প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব দিক থেকে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত রাখা আবশ্যক। গত বছরের ইউরোপিয়ান পারফরম্যান্সের ধারাবাহিকতায় আমরা এবার আরো উন্নতি দেখতে চাই।’
অন্যদিকে ঘরের মাঠে নামার আগে বেশ আশাবাদী ভিয়ারিয়াল কোচ ইনিগো পেরেজ। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী এই পরাশক্তির বিপক্ষে একটি ইতিবাচক ও লড়াকু পারফরম্যান্স উপহার দেওয়াকেই নিজেদের দলের জন্য বড় মানদণ্ড হিসেবে দেখছেন তিনি।

ভিয়ারিয়াল কোচ পেরেজ বলেন, ‘প্রতিপক্ষের নামের ভার এবং পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থানের কারণেই আগামীকালকের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যে কৌশলগত ও দলীয়ভাবে উন্নতি করে চলেছি, সেটিতে বিশ্বাস স্থাপন করার জন্য বিগত দুই বছরের এই টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার চেয়ে সুবর্ণ সুযোগ আর কী হতে পারে!’