সিল্কসিটিনিউজ ডেস্ক:
নির্বাচনী ইশতেহার বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন। তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের দেওয়া ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।
ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, বয়স্ক প্রতিবন্ধীদের সহযোগিতা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিতদের বেতনসহ সামাজিক সুরক্ষার জন্য যা যা দরকার সব কিছু করা হচ্ছে।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বর্তমান সরকার জনগণের কল্যাণে-মঙ্গলে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আমরা মানুষের সঙ্গে প্রতারণা, বেইমানি বা বিশ্বাসঘাতকতা করি না।
এই কারণে জনগণ আমাদের বারবার দেশ পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি পাঁচবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, প্রতিবারই জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।’
তিনি আরো বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগ গুম, খুন, নিপিড়ন, লুটপাত, দুর্নীতি ও অন্যায় অত্যাচার করেছে। যে কারণে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে দলটি নিষিদ্ধ হয়েছে।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সকল দোসর ও প্রেতাত্মারা আবারও দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’
মাদক ও সন্ত্রাসে জিরো টলারেন্স জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘কোনো ধরনের মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদস্যুতাসহ অন্যায়ে ছাড় দেওয়া হবে না। এসব কাজে যদি নিজ দলের নেতাকর্মীও জড়িত থাকে তারও কোনো ছাড় হবে না।
আমাদের দলে কোনো অপরাধীদের জায়গা নেই। পুলিশ এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারই সংশ্লিষ্টতা পাবে তাকেই আইনের আওতায় নিয়ে আসবে। এক্ষেত্রে দলীয় কোনো পরিচয় বিবেচ্য হবে না।’
আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকান বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকারসহ প্রমুখ।









