সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কেউ কোনো টুঁ শব্দ করেনি।
অথচ আপনারা (জামায়াত) চাচ্ছেন বিএনপির অধীনে কোনো নির্বাচন যতই অবাধ-সুষ্ঠু হোক, ওই নির্বাচনকে বিতর্কিত করতে হবে। ওই নির্বাচনকে মানুষের কাছে খারাপ করতে হবে। কিন্তু অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য-স্বচ্ছতা এবং ন্যায়কে ঢাকতে পারবেন না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সকাল থেকে আমরা দেখছি, চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ইতিমধ্যে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। ঠিক শেষ হওয়ার আগে আপনারা (জামায়াত) কয়েকটি বিতর্কিত কথা বললেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এতে গণতন্ত্র শক্তিশালী হবে না। এসব বিভ্রান্তির মাধ্যমে আপনারা পতিত স্বৈরাচারকে পুনরুত্থানের চেষ্টা করছেন। এটা আবার নতুন করে প্রমাণিত।
এ দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে রিজভী জবাব দেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনি (গোলাম পরওয়ার) দুপুর ৩টা বা সাড়ে ৩টার সময় এসব অভিযোগ করলেন। সকাল থেকে কিছুই আপনি বলতে পারেননি। কোথায় কোন ঘটনা, কে বাধা দিয়েছে, আপনি যদি নামসহ বলতে পারতেন, তাহলে একটা কথা ছিল। ওখানে যে মিডিয়াগুলো কাজ করছে তারা কেউ এমন কিছু প্রচার করেনি যে, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। সেখানে ব্যাপক কোনো অরাজকতার সৃষ্টি হয়েছে- এটা মহাশত্রুরাও বলবে না।









