সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচন আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির তিন উপজেলার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে।
এদিকে নির্বাচনের আগের দিন বুধবার পৃথক সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও ১১-দলীয় ঐক্যের প্রার্থীরা। তাঁদের বক্তব্য ঘিরে নির্বাচনী মাঠে আলোচনা তৈরি হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে ঠাকুরগাঁও-১ আসনের নতুন সংসদ সদস্য।
সূত্র: ঢাকা পোস্ট









