সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় আজ (সোমবার) লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। বাকি ১৩৮ জন ত্রিপোলির ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে তাদের সচেতন করেন। তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার ফলে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এর বিরূপ প্রভাব তাদের পরিবার ও সমাজের ওপরও পড়ে। রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান।
এ ছাড়া অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।









