সিল্কসিটিনিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ও গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে।
সরবরাহে বিঘ্নের আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা আরো বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকেরা।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৬ সেন্ট বা ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১১১ ডলার ৮৮ সেন্টে দাঁড়ায়। দিনের লেনদেনে একপর্যায়ে দাম ১১২ ডলার ৫৫ সেন্টে পৌঁছায়, যা গত ১৮ মের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ৪ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৯ সেন্ট হয়।

এর আগে দাম ১০০ ডলার ছাড়িয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও সমুদ্রপথে হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে।
তেলবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি সংঘাত শুরুর আগের পর্যায়ে পৌঁছানোর খবরের চেয়ে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতি বিদ্রোহীদের হামলার প্রভাব বেশি।
তার মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত প্রশমনের সম্ভাবনা কম। ফলে তেলের দাম উচ্চপর্যায়ে থাকতে পারে।
মরগান স্ট্যানলির বিশ্লেষকেরা জানিয়েছেন, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।
সৌদি আরবে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সংশ্লিষ্ট ছয়টি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকো ধাহরানে অবস্থিত সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিয়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
এদিকে সৌদি আরবে অবস্থিত কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন থেকে কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বুধবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এসব হামলায় দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে একজন নিহত ও আটজন আহত হন। দেশটির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরো দুজন নিহত হন।
একই দিন দক্ষিণ ইরানের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম। তবে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা আরো বাড়িয়েছে উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবর। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী বৃহস্পতিবার জানায়, উত্তর উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরের সঙ্গে যুক্ত চারটি জাহাজে বুধবার হামলা চালানো হয়। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরো তিনটি জাহাজ মাইনের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
লিবিয়াতেও তেল উৎপাদনে বিঘ্ন ঘটেছে। দেশটির হামাদা ও তাহারা তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল পরিবহনের একটি পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুই তেলক্ষেত্রের উৎপাদন কমেছে বলে রয়টার্সকে জানিয়েছেন লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের প্রধান।
এদিকে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির জরুরি হিটিং অয়েল মজুতের প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ডিজেলের ঘাটতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেও জ্বালানির বাজারে চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্ট তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে মিথেন নিঃসরণসংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের বিধি কার্যকরে তিন বছর বিলম্বের প্রস্তাব অনুমোদন করেছে। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পক্ষের চাপের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে। বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন জানিয়েছে, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে সম্মত হয়েছেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও আলোচনায় সমর্থন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, যত দ্রুত সম্ভব আলোচনা শুরু হবে।









