জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রতি শনিবার ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নগরবাসীকে নিজেদের বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডিএসসিসির সব ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

তিন মাসের এ কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরের রাস্তাঘাট, বাড়ির আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত পরিচ্ছন্নতার কাজ করবেন। তবে এ উদ্যোগ সফল করতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।

এ জন্য স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও সামাজিক সংগঠনগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, প্রতিদিন বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমছে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ব্যক্তিগতভাবে পানি অপসারণ করা সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানাতে হবে। করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, গণমাধ্যমে কর্মসূচির প্রচারের ফলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। নাগরিকদের মধ্যে পূর্ণাঙ্গ সচেতনতা গড়ে উঠলে এ উদ্যোগ সফল হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বামীবাগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক

রাজধানীর স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা নয়, বরং মানুষ হিসেবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা সমান।

ডিএসসিসি প্রশাসক বলেন, সব ধর্মেই মানবিকতা, নৈতিকতা ও ভালো কাজের শিক্ষা রয়েছে। শুধু ধর্মীয় বাণী উচ্চারণ করলেই হবে না, সেগুলো ব্যক্তিজীবনে চর্চা করতে হবে। সমাজ থেকে অনৈতিকতা, মাদক ও অসহিষ্ণুতা দূর করতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

হিন্দু সম্প্রদায়ের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।