সিল্কসিটিনিউজ ডেস্ক:
‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’- প্রতিপাদ্যকে সামনে রেখে বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমানবাহিনী সদর দপ্তরের অডিটরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাইবার নিরাপত্তাকে বিমানবাহিনীর অপারেশনাল প্রয়োজন হিসেবে উল্লেখ করেন এবং অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে নিরাপদ ও সাইবার হুমকি মোকাবেলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এ ছাড়া তিনি বিমানবাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি (সিডব্লিউঅ্যান্ডআইটি) পরিদপ্তরের পরিচালক উপস্থিত সবাইকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি বিমানবাহিনীর কার্যক্রম ও তথ্যের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময়সভা ও সচেতনতা যাচাইমূলক কুইজ আয়োজন করা হবে। পাশাপাশি বিমানবাহিনীর পরিবারের সদস্য এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্যও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা এরিয়ার এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক এবং বিভিন্ন ঘাঁটির নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্যসহ বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।









