জাতীয়

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৬

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৪ এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবি। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও দুই শিশু রয়েছে। তাঁরা খুলনাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

আটক ব্যক্তিদের পরে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।