জাতীয়

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহজনক অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে আনা হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে। ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল ও বহিরাগত অনেকে অবস্থান করছিলেন, বৈঠক চলছিল। এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে। ইতোমধ্যে অর্ধশতাধিক হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান চলমান। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূূত্র: ঢাকা পোস্ট