লাইফ স্টাইল

মানসিকভাবে ক্লান্ত? নিজেকে ভালো রাখতে ৫ সহজ উপায়

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাজের চাপ, একের পর এক দায়িত্ব, ফোনের নোটিফিকেশন, মানুষের সঙ্গে যোগাযোগ—সবকিছু মিলিয়ে অনেক সময় মনে হতে পারে, নিজের জন্য যেন একটুও সময় নেই। দিনের শেষে শরীরের পাশাপাশি মনও ক্লান্ত হয়ে পড়ে।

তখন কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, আবার অনেক সময় সবকিছু থেকে কিছুটা দূরে সরে যেতে মন চায়।
তবে মানসিকভাবে ক্লান্ত বোধ করলেই নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেওয়া জরুরি নয়। বরং নিজের সময়, মনোযোগ ও আবেগ কোথায় ব্যয় হচ্ছে, সেদিকে একটু নজর দেওয়া দরকার। ছোট কিছু অভ্যাস ও সীমারেখা তৈরি করেও দৈনন্দিন জীবনে মানসিক চাপ কিছুটা কমানো যেতে পারে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে মানসিক শক্তি ধরে রাখতে এমন পাঁচটি সহজ উপায়ের কথা তুলে ধরা হয়েছে।

১. অতিরিক্ত চাপ লাগলে একটু বিরতি নিন
চারপাশের শব্দ, একের পর এক কথাবার্তা, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা কিংবা একসঙ্গে অনেক কাজ সামলাতে গিয়ে যখন মনে হবে আর পারছেন না, তখন নিজেকে জোর করে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

কয়েক মিনিটের জন্য নিরিবিলি জায়গায় বসা, ফোনটি এক পাশে রাখা কিংবা চোখ বন্ধ করে শান্ত থাকার মতো ছোট বিরতিও কাজে আসতে পারে। এতে নিজের প্রয়োজনটা বোঝার জন্য কিছুটা সময় পাওয়া যায়।

২. সময়সূচিতে কিছুটা ফাঁকা রাখুন
দিনের প্রতিটি মুহূর্ত কোনো না কোনো কাজে ভরে রাখার দরকার নেই। এক কাজ শেষ হওয়ার আগেই পরের কাজ শুরু করলে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না। হঠাৎ কোনো জরুরি কাজ সামনে এলে তখন চাপ আরো বেড়ে যেতে পারে।

তাই প্রতিদিনের সময়সূচিতে কিছুটা ফাঁকা সময় রাখা ভালো। এই সময়টুকু বিশ্রাম নিতে, অসমাপ্ত কাজ গুছিয়ে নিতে কিংবা একেবারে কিছু না করেও কাটানো যেতে পারে।

নিজের জন্য রাখা সময়কে অপ্রয়োজনীয় ভাবারও দরকার নেই।
৩. কার সঙ্গে সময় কাটাচ্ছেন, খেয়াল রাখুন
আপনার চারপাশের মানুষ আপনার অনুভূতির ওপরও প্রভাব ফেলতে পারেন। কিছু মানুষের সঙ্গে সময় কাটালে স্বস্তি পাওয়া যায়, নিজের মতো থাকা যায়। আবার কিছু সম্পর্কের কারণে কথা বলা বা দেখা করার পর নিজেকে মানসিকভাবে ক্লান্ত লাগতে পারে।

এর অর্থ এই নয় যে, অস্বস্তি তৈরি করা মানুষদের জীবন থেকে বাদ দিতে হবে। বরং কোন সম্পর্ক আপনাকে স্বস্তি দেয় এবং কোন সম্পর্ক আপনার ওপর বাড়তি চাপ তৈরি করছে, তা বোঝার চেষ্টা করুন। সেই অনুযায়ী নিজের সময় ও মনোযোগের ভারসাম্য তৈরি করা যেতে পারে।

৪. প্রতিটি তর্কে জড়াবেন না
কেউ আপনার সঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার সঙ্গে তর্কে জড়ানো জরুরি নয়। নিজের বক্তব্য প্রমাণ করতে গিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় কথোপকথনে জড়িয়ে পড়ি। এতে সময়ের পাশাপাশি মানসিক শক্তিও ব্যয় হয়।

 

তাই কোন আলোচনা সত্যিই গুরুত্বপূর্ণ, সেটি বেছে নিন। সব মন্তব্যের জবাব দেওয়া বা প্রতিটি মতবিরোধে নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কখনও কখনও কোনো তর্ক থেকে সরে আসাই নিজের জন্য ভালো সিদ্ধান্ত হতে পারে।

৫. প্রতিদিন কিছুটা সময় একা থাকুন
একা থাকার সময় মানেই কাছের মানুষদের এড়িয়ে চলা নয়। বরং দিনের ব্যস্ততা, কথাবার্তা ও নানা দায়িত্বের বাইরে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ এটি।

 

হাঁটতে বের হওয়া, বই পড়া, চুপচাপ বসে থাকা কিংবা নিজের ভাবনাগুলো নিয়ে কিছুক্ষণ সময় কাটানো—যেকোনো কিছুই হতে পারে এই ব্যক্তিগত সময়ের অংশ। এতে বাইরের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের অনুভূতিগুলো বোঝার সুযোগ পাওয়া যায়।

মানসিকভাবে ভালো থাকার জন্য সবসময় বড় কোনো পরিবর্তন দরকার হয় না। কখন একটু থামতে হবে, কোন কাজে সময় দিতে হবে এবং কোন পরিস্থিতিতে নিজেকে জড়ানো জরুরি নয়—এসব ছোট সিদ্ধান্তই দৈনন্দিন জীবনে পার্থক্য তৈরি করতে পারে। নিজের জন্য কিছুটা সময় রাখা অন্যদের থেকে দূরে সরে যাওয়া নয়; বরং আরও স্বস্তি নিয়ে নিজের জীবন ও সম্পর্কগুলোর সঙ্গে যুক্ত থাকার একটি উপায়।