ছবিঘর

ভেনিসে আন্তর্জাতিক সিনেমার জমকালো আসর

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লালগালিচা, তারকাদের ঝলক ও বিশ্ব সিনেমার বর্ণিল উপস্থিতিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার (২ সেপ্টেম্বর) ইতালির লিডো দি ভেনেজিয়ায় শুরু হওয়া বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রেড কার্পেটে তারকাদের একের পর এক উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে তারকাখচিত।

এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। ব্রিটিশ সংবাদমাধ্যমে রুপার্ট মারডকের প্রবেশ ও সংবাদপত্রের জগতে তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় উদ্বোধনী রাতে।

উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল হলিউড তারকা জর্জ ক্লুনিকে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ প্রদান। অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

 

তবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে।

নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে ‘ওরিজন্তি’ প্রতিযোগিতা বিভাগে।
ভেনিসের লালগালিচায় বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমার এ উপস্থিতিকে দেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রি’ ভেনিসে নির্বাচিত হয়েছিল। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা উৎসবটির প্রতিযোগিতামূলক বিভাগে স্থান পেল।

আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব।

এ সময় বিশ্ব চলচ্চিত্রের আলোচিত নির্মাতা, তারকা ও চলচ্চিত্রগুলোর উপস্থিতিতে মুখর থাকবে ইতালির লিডো দি ভেনেজিয়া। বাংলাদেশের সিনেমার অংশগ্রহণ ঘিরেও দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।