সিল্কসিটিনিউজ ডেস্ক:
পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৪ আগস্ট) দ্বিতীয়বারের মতো মা হয়েছেন এই অভিনেত্রী।
কন্যাসন্তানের জন্মের সুখবর নিজেই জানিয়েছেন তিনি।
মেয়ের জন্মের পরই তার প্রথম ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে নিজের প্রেগন্যান্সি জার্নির নানা সুন্দর মুহূর্তের পাশাপাশি সদ্যোজাত মেয়েকে আগলে রাখার আদুরে মুহূর্তও দেখা গেছে।

ভিডিওটির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’
অভিনেত্রীর মা হওয়ার খবরে শুভেচ্ছায় ভাসছেন তিনি। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে স্বজন ও ভক্ত—সবাই ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন মা ও নবজাতককে।
মেয়ের নামকরণ নিয়েও পরিকল্পনা জানিয়েছেন পূজা।
তিনি জানান, পাঞ্জাবি রীতি মেনে জন্মের ৪০ দিন পর মেয়ের নামকরণ করা হবে।
এর আগে গত ১০ মে মাতৃদিবসে পূজার সাধভক্ষণের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠানের ছবিতেও অভিনেত্রীর কোলে দেখা গিয়েছিল পুতুল। তখনই যেন পরিবারে নতুন অতিথির অপেক্ষার আনন্দ আরও স্পষ্ট হয়ে উঠেছিল।
এরও আগে ২১ এপ্রিল অভিনব কায়দায় দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন পূজা।
নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেই ভিডিওতে উচ্ছ্বসিত পূজা ও তার অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানিয়েছিলেন, মা-বাবা হিসেবে আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তারা।
২০২০ সালে করোনাকালীন সময়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন পূজা ও কুণাল। একই বছর তাদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়।









