জাতীয়

নারায়ণগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার (৪ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

এর আগে, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. সোহেব (৪২) এবং ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বন্দর থানার সালেহনগর এলাকার বাড়ৈপাড়ার একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন তার পাওনা টাকা দাবি করলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি, লাঠি, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন, ৪ অক্টোবর সকালে তিনি মারা যান।

 

এ ঘটনায় নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আলমগীর হোসেন বন্দরের শাহী মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে।

তিনি মালেক সিকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, এই হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ধারাবাহিকভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।