রাজশাহী

নদী রক্ষার বার্তা নিয়ে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’, অংশ নেবেন সাড়ে ৫০০ দৌড়বিদ

নিউজ ডেস্ক৩ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট নিরসন, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা—গঙ্গা বাঁচান’ মিনি ম্যারাথন। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হবে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড়। এতে অংশ নেবেন প্রায় সাড়ে ৫০০ দৌড়বিদ, যার মধ্যে ১৩৫ জন নারী।

মিনি ম্যারাথন উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজশাহী শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট ও কিটস বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজনের লক্ষ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফাসহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজকদের জানানো হয়েছে, দৌড়টি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হবে। সকাল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশারের।

দৌড় শেষে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী।Maps

সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন বলেন, ‘রান ফর পদ্মা শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থসংশ্লিষ্ট একটি সামাজিক আন্দোলন। পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষার দাবি মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

আয়োজকদের ভাষ্য, নদী রক্ষা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও দেশের ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের মধ্যে নদী রক্ষার সচেতনতা গড়ে তুলতে এবং জনসম্পৃক্ততা বাড়াতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।