সিল্কসিটিনিউজ ডেস্ক:
চট্টগ্রামে গুলি করে মো. আজাদ নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) বিকেল সোয়া ৪টায় আজাদের লাশ তার এক সহযোগী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপালে নিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন কালের কণ্ঠকে বলেন, ‘বিকেল সোয়া ৪টায় হাসপাতাল থেকে আমাদের জানানো হয়, মুরাদপুর ফরেস্ট গেট এলাকা থেকে আজাদ নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা শেষে আজাদকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘আজাদের সহযোগীর কথামতো আমাদের টিম ফরেস্ট গেটে যায়। সেখানে একটি একতলা ভবনে গিয়ে জানতে পারে নিহত আজাদসহ তিনজন মাদক সেবনরত ছিলেন।
বিষয়টি আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আজাদের সহযোগীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সন্দেহ মাদকসংক্রান্ত বিরোধে আজাদকে খুন করা হয়েছে।









