সিল্কসিটিনিউজ ডেস্ক:
শেরপুরের নালিতাবাড়ীতে নানার সঙ্গে বেড়াতে গিয়ে খাওয়ার সময় গলায় বাদাম আটকে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম মানহা মনি। সে সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেল হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার বেপারীপাড়ার অবস্থান করছিল মানহা মনি। তার নানা মোস্তফা আহমেদ তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার নানার সঙ্গে ওই বিদ্যালয়ে যায় মানহা মনি। সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হলে একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে স্বজনরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।









