সিল্কসিটিনিউজ ডেস্ক:
তুমুল জনপ্রিয় টিভি জুটি নিনা দব্রেভ ও পল ওয়েসলি আবার পর্দায় ফিরছেন। সিডব্লিউ-এর বিশ্বখ্যাত সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর পর এবার তারা ‘ইউ ডিজার্ভ টু নো’ নামের একটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটি ওটিটি প্ল্যাটফরম ‘হুলু’-তে মুক্তি পাবে।
সিনেমাটি লেখক অ্যাগি ব্লুম থম্পসনের ২০২৫ সালের একটি জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। এর চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত সিরিজ ‘গ্র্যান্ড হোটেল’-এর নির্মাতা ব্রায়ান ট্যানেন। গল্পটি শহরতলির তিনটি দম্পতিকে কেন্দ্র করে, যারা পাশাপাশি বাড়িতে থাকেন এবং একে অপরের খুব ভালো বন্ধু।

কিন্তু হঠাৎ করেই যখন তাদের একজনের স্বামী খুন হন, তখন তাদের মধ্যকার নানা গোপন রহস্য বেরিয়ে আসতে থাকে এবং দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরে।
সিনেমায় নিনা দব্রেভ অভিনয় করছেন ‘গোয়েন’ চরিত্রে ও পল ওয়েসলি থাকছেন ‘স্কট’ চরিত্রে। গল্পে তারা দুজন প্রতিবেশী, যারা এই হত্যাকাণ্ডের তদন্তের দুই বিপরীত পক্ষে অবস্থান নেন। তদন্তের একপর্যায়ে তাদের মধ্যকার সম্পর্ক এক চরম সংঘাতের দিকে মোড় নেয়।
নিনা ও পল শুধু এই সিনেমায় অভিনয়ই করছেন না, তারা পর্দার পেছনেও একসঙ্গে কাজ করবেন। এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন এই তারকা জুটি। তাদের সঙ্গে প্রযোজনা প্যানেলে আরো থাকছেন লেখক থম্পসন ও চিত্রনাট্যকার ট্যানেন।
সূত্র : ডেডলাইন









