সিল্কসিটিনিউজ ডেস্ক:
যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মিঠু সরদার (২৮) নামের এক গার্মেন্টসকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত জাকারিয়া সরদারের ছেলে। তিনি ভারতের কলকাতার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি দেশে ফিরে আসেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে একটি মুদি দোকানের পাশে গাঁজা সেবনের সময় পুলিশ মিঠু সরদারকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
মিঠু সরদার জানান, দেশে ফেরার পর হরিশপুর বাজারে হুসাইন নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০ টাকার গাঁজা কিনে সেবনের সময় পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’









