সিল্কসিটিনিউজ ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মুসা ফকির নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসা ফকির (৬০) ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিস ডা. নাহিদ দুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই মুসা ফকিরের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।










