সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও মাদকদ্রব্য রাখার অপরাধে দুই ব্যক্তিকে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে মাটিকাটায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মাদক রাখায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (২১ জুন) কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও দক্ষিণ ভাদাত্তার্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে রাথুরা গ্রামের বিল্লাল শেখের ছেলে হুমায়ুন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, দক্ষিণ ভাদাত্তার্তী এলাকার বাসিন্দা আক্তার দেওয়ানের ছেলে আবির দেওয়ানকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।









