অর্থ ও বাণিজ্য

করপোরেট কর ১০ শতাংশে নামানোর প্রস্তাব

নিউজ ডেস্ক১১ জুন ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রকৌশল কলেজ এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক বেসরকারি কলেজগুলোর করপোরেট করহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব আসছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের বাজেটেও এসব প্রতিষ্ঠানের করপোরেট করহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। অন্যান্য খাতের করপোরেট করহারে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। প্রস্তাবটি অনুমোদিত হলে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন করহার কার্যকর হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উচ্চশিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার অংশ হিসেবে এই করহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে তথ্যপ্রযুক্তি, চিকিৎসা ও প্রকৌশল শিক্ষায় বেসরকারি খাতের বিনিয়োগ আরও বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেসব খাতকে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এতে দেশের শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য বেসরকারি মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল ও আইটি শিক্ষাপ্রতিষ্ঠান উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করহার ২০ শতাংশ, আর তালিকাবহির্ভূত কোম্পানির ক্ষেত্রে তা ২৭ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে ব্যাংক, বীমা কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের করহার ৩৭ দশমিক ৫ শতাংশ।

মোবাইল টেলিযোগাযোগ অপারেটরগুলোর ক্ষেত্রে এ হার ৪০ থেকে ৪৫ শতাংশ। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প নির্দিষ্ট শর্তসাপেক্ষে ১০ থেকে ১২ শতাংশ হারে কর সুবিধা পেয়ে থাকে। সূত্র: কালের কণ্ঠ