সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৫৪) নামের এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, মকবুল হোসেন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বিকেলে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বিকেল ৪টা ৪৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারাগার সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত কয়েদি মকবুল হোসেন সিআর ২৮৭৭/২৬ নম্বর মামলার ধারা ৮৬-এর অধীনে বন্দি জীবন কাটাচ্ছিলেন। তার বাবার নাম মৃত আলী আহম্মেদ। তাদের স্থায়ী বাড়ি রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজীরবাগ এলাকায়।









