সিল্কসিটিনিউজ ডেস্ক :
নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
হান্নান মোল্লা হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। হৃদরোগজনিত সমস্যার কারণে বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

হান্নান মোল্লার ভর্তির খবর পেয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।
পরে তিনি কর্তব্যরত চিকিৎসক ও অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের কাছ থেকে রোগীর চিকিৎসার সর্বশেষ অবস্থার বিস্তারিত তথ্য নেন।
এ সময় অধ্যাপক ডা. রফিকুল ইসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলেন। শিশু রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে।
এ ছাড়া তিনি হৃৎপিণ্ডের পর্দার প্রদাহ বা ‘ভাইরাল পেরিকার্ডাইটিস’-এ আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।
বর্তমানে হান্নান মোল্লার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ ও পরবর্তী চিকিৎসার জন্য আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।










