সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় ফের তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক২২ মে ২০২৬২ মিনিট পড়া
আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় ফের তদন্তের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজের প্রশিক্ষণরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দেওয়া এক গুরুত্বপূর্ণ রায়ে আদালত সিবিআইয়ের তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

আদালত জানিয়েছে, ওই তরুণী চিকিৎসক ২০২৪ সালের আগস্টের সেই রাতে হাসপাতালে সহকর্মীদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর থেকে শুরু করে পরদিন তার মরদেহ দাহ করা পর্যন্ত পুরো ঘটনার প্রতিটি ধাপ নতুন করে খতিয়ে দেখা হবে।

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশে বলেন, ‘সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় জোনের জয়েন্ট ডিরেক্টর এই এসআইটির প্রধান হবেন। বাকি দুই সদস্যের নাম ৪৮ ঘণ্টার মধ্যে নির্ধারণ করতে বলা হয়েছে।’

আদালত জানিয়েছে, এই নৃশংস ঘটনার সামাজিক প্রভাব বিবেচনা করে, প্রমাণ ধ্বংসের অভিযোগ এবং চিকিৎসকের বাবা-মায়ের করা ঘটনাটি ধামাচাপা দেওয়ার ও লঘু করে দেখানোর চেষ্টার অভিযোগগুলো তিন সদস্যের বিশেষ তদন্ত দলটি (এসআইটি) খতিয়ে দেখবে।

চিকিৎসকের বাবা-মা তাদের মেয়ের ধর্ষণ ও হত্যার ঘটনায় আরো তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এবং দাবি করেছেন— এই নৃশংস অপরাধে একাধিক ব্যক্তি জড়িত ছিল।

এর আগে এই মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে নিহতের পরিবার শুরু থেকেই বলে আসছে, শুধু একজনের পক্ষে এমন অপরাধ করা সম্ভব নয়।

ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে, ২০২৫ সালের ২৮ মার্চের সিবিআই রিপোর্টে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক গাফিলতির কথা উঠে এসেছে।

সেই দিকগুলোও নতুন এসআইটি খতিয়ে দেখবে।
আদালত জানিয়েছে, ‘ভুক্তভোগী চিকিৎসক বন্ধুদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর থেকে তার দাহ পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি পরিস্থিতি তদন্তের আওতায় আনা প্রয়োজন।’

বেঞ্চ আরো জানায়, ‘তদন্তকারী কর্মকর্তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা মন্তব্য করছি না। তবে অপরাধের প্রকৃতি, এর সামাজিক প্রভাব এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাহীনতার বিষয় বিবেচনায়, সিবিআই-এর পূর্বাঞ্চলীয় অঞ্চলের যুগ্ম পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক।’

আদালত নির্দেশ দিয়েছে, এসআইটি শুধু প্রমাণ লোপাট বা কাউকে আড়াল করার অভিযোগই নয়, নিহতের পরিবারের উত্থাপিত সব অভিযোগ পুনরায় যাচাই করবে।

প্রয়োজনে মামলার আবেদনকারীসহ সংশ্লিষ্ট অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগেই তদন্তের অগ্রগতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। পাশাপাশি পরবর্তী শুনানিতে কেস ডায়েরি ও সংশ্লিষ্ট নথিপত্রও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।