বগুড়া

ফুটবল খেলাকে কেন্দ্র করে বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক২১ মে ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবদেক:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলায় দ্বন্দ্বকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম আহমেদ উপজেলার ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামের শাহ আলী মন্ডলের ছেলে শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে শাহাদাত তার কয়েকজন সহযোগীকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন আগে ফুটবল খেলায় ফাউল নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

’