সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ফারাক্কা পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক২০ মে ২০২৬১ মিনিট পড়া
পশ্চিমবঙ্গে ফারাক্কা পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যৌথ নদী কমিশনের ৯০তম যৌথ কমিটি বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ কলকাতায় পৌঁছেছে।

ছয় সদস্যের এই দলটি ২০ থেকে ২৩ মে’র মধ্যে বৈঠক করবে এবং ফারাক্কা ব্যারাজে যৌথ প্রবাহ পরিমাপ স্থল পরিদর্শন করবে।

বাংলাদেশের প্রতিনিধি দলের এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এই বছরের ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তির নবায়ন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গত বছর মার্চ মাসে দুই দেশের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে বৈঠক করেছিলেন। ভারতের জলসম্পদ মন্ত্রকের একটি সূত্র তখন বিবিসিকে জানিয়েছিলেন, সেটি একটি “বিশেষজ্ঞ পর্যায়ের রুটিন বৈঠক”, কিন্তু গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্নে সেই আলোচনার “আলাদা গুরুত্বও” ছিল।

বাংলাদেশের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির এই দলের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের হাইকমিশনের দুজন কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

 

সূত্র: বিবিসি বাংলা