সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারতের কেরালা বিধানসভা নির্বাচনে জয়লাভ করে দীর্ঘ সময় পর ক্ষমতার মসনদে ফিরল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
কংগ্রেসের শীর্ষ নেতা, জোটের শরিক দলগুলোর প্রতিনিধি এবং হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সাতিসানের সঙ্গে তার পুরো মন্ত্রিসভাও একসঙ্গে শপথ নিয়েছে। কেরালার ইতিহাসে দীর্ঘ প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম মুখ্যমন্ত্রী ও তার পুরো মন্ত্রিসভা একসাথে শপথ নিলো।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শপথ নিয়ে প্রথম মন্ত্রিসভা বৈঠকে নিয়েছেন বড় সিদ্ধান্ত। রাজ্যের নারীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ, আশা কর্মীদের জন্য আরো ৩০০০ টাকা মাসিক সম্মানী বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ভিডি সাতিসান। এর মাধ্যমে নির্বাচনী একটি প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।
মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সরকার অঙ্গনওয়াড়ি কর্মী(ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলে মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতে সরকারি কেন্দ্র), রাঁধুনি, প্রাক-প্রাথমিক শিক্ষক এবং আয়াদের সম্মানী বৃদ্ধির অনুমোদনও দিয়েছে।
আগামী ১৫ জুন থেকে নারীরা রাজ্যের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো আরো বেশি নারীকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা এবং তাদের দৈনন্দিন যাতায়াত সহজ করা।
এ ছাড়া মন্ত্রিসভায় প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং সার্বিক কল্যাণে একটি বিশেষ বিভাগ গঠনেরও অনুমোদন দিয়েছে।
নতুন সরকারের নেওয়া প্রথম পদক্ষেপগুলোর মধ্যে এই সিদ্ধান্তগুলো অন্যতম, যা জনকল্যাণ ও সামাজিক সুরক্ষার ওপর তাদের গুরুত্বের ইঙ্গিত দেয়।










