সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান, ‘হাতে সময় কম’ বলল ইসলামাবাদ

নিউজ ডেস্ক১৮ মে ২০২৬২ মিনিট পড়া
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান, ‘হাতে সময় কম’ বলল ইসলামাবাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের একটি সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। সোমবার (১৮ মে) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একজন পাকিস্তানি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে শান্তি আলোচনা বর্তমানে স্থবির হয়ে রয়েছে এবং উভয় পক্ষই বারবার নিজেদের শর্ত পরিবর্তন করছে বলে সূত্রটি উল্লেখ করেছেন।

সূত্রটি সতর্ক করে বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই। এদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, তেহরানের প্রস্তাব মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এপ্রিলে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিটি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। কারণ সংঘাত বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে তেহরানের জবাবে বেশ কিছু বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

ইরানের পারমাণবিক আহরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি চুড়ান্ত আলোচনায় পৌঁছাতে বাধার সৃষ্টি করছে।

১৭ মে ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন তেহরানের কাছে একটি পাঁচ দফার তালিকা পেশ করেছে।

যার মধ্যে অন্যতম শর্ত হলো, ইরানকে কেবল একটিমাত্র পারমাণবিক কেন্দ্র সচল রাখতে হবে এবং তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।
এর বিপরীতে আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ইরানের পক্ষ থেকেও কিছু পূর্ব শর্ত দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে অবরুদ্ধ ইরানি সম্পদ ছেড়ে দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং কৌশলগত হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি।

টেলিভিশনে সম্প্রচারিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) হুমকির বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে, প্রতিপক্ষের সামান্যতম ভুলেরও যথাযথ জবাব কীভাবে দিতে হয়, সে সম্পর্কে আমরা পুরোপুরি অবগত আছি।’

তেহরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে যোগ করেন তিনি।

শান্তি আলোচনার এই আবহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ এবং পুনরায় যুদ্ধ শুরুর গুঞ্জনে বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’-এ একটি জরুরি বৈঠক করবেন বলে জানা গেছে।