জাতীয়

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে প্লাবিত কৃষকের সাধের ফসল

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় টানা দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকের পাকা ধান তলিয়ে গেছে। পাশাপাশি প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

নতুন করে একাধিক ইউনিয়ন প্লাবিতের আশঙ্কা করছে স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, উজান থেকে নেমে আসা ভারতীয় মেঘালয়ের পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া, সদর ও গাজিরভিটা ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় বাড়িঘর, রাস্তা এবং বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে।

দুই দিনের টানা বৃষ্টি ও হঠাৎ পানি বৃদ্ধির কারণে অনেক কৃষক পাকা ও আধাপাকা ধান ঘরে তুলতে পারেননি।

এতে বোরো চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতায় স্থানীয় যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে।
প্লাবিত এলাকার মধ্যে রয়েছে ভুবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া, কুমারগাতী, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী ও কড়ইতলী, গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা, ডুমনীকুড়া, সূর্যপুর, সুমনিয়াপাড়া ও কাতলমারী, সদর ইউনিয়নের গোবরাকুড়া, মনিকুড়া, রাংরাপাড়া ও কালিয়ানীকান্দাসহ আরো কয়েকটি গ্রাম।

স্থানীয়রা বলছে, এভাবে চলতে থাকলে আগামীকালের মধ্যেই দর্শা, গাঙ্গিনা ও কংস নদের পানি বৃদ্ধি পেয়ে জুগলী, কৈচাপুর, নড়াইল, শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবেশ করে নতুন করে প্লাবন পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। কয়েকটি রাস্তা ও কৃষকদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।