জাতীয়

সড়ক দখল করে নির্মিত ‘শাহানা আরা শিশুপার্ক’ উচ্ছেদ

নিউজ ডেস্ক১৩ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরিশাল নগরীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একাংশ দখল করে নির্মিত ‘শাহানা আরা শিশুপার্ক’ উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে স্থাপনাটির উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা পার্কের একটি অংশ ভেঙে ফেলে। পরে অবশিষ্ট অংশ বুধবার বরিশাল সিটি করপোরেশন সম্পূর্ণভাবে অপসারণ করে।
জানা গেছে, ২০২১ সালে নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় মহাসড়কের পশ্চিম পাশে পার্কটি স্থাপন করা হয়।

আইন উপেক্ষা করে তৎকালীন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পার্কটি নির্মাণ করেন। পরে তার প্রয়াত মায়ের নামে এর নামকরণ করা হয়। অভিযোগ রয়েছে, প্রভাবশালী অবস্থানের কারণে তখন সড়ক ও জনপথ বিভাগ এতে বাধা দিতে পারেনি।
মহাসড়কের একাংশ দখল করে পার্ক নির্মাণ নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তা উপেক্ষিত থাকে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা পার্কের শিশুদের খেলার সরঞ্জাম লুট ও অবকাঠামো ভাঙচুর করে। অবশিষ্ট অংশ দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় বুধবার সিটি করপোরেশন সম্পূর্ণ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে।

উচ্ছেদ কার্যক্রম শুরুর পর সাংবাদিকদের সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, পূর্ববর্তী মেয়র মহাসড়ক দখল করে পার্ক নির্মাণ করেছিলেন, এতে সড়কের ওই অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনগণের দাবির মুখে এটি উচ্ছেদ করা হয়েছে। প্রয়োজনে ব্যক্তিগত জমি কিনে পার্ক করা যেত, সরকারি ও সড়কের জমি দখল করা অনুচিত।