সিল্কসিটিনিউজ ডেস্ক :
মরক্কোতে একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে গত সপ্তাহে দুই মার্কিন সেনা নিখোঁজ হন। নিখোঁজের পর ওই দুই সেনার মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনী তার পরিচয় নিশ্চিত করেছে। নিহত ওই সেনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড এলাকার বাসিন্দা ২৭ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট কেন্ড্রিক ল্যামন্ট কি জুনিয়র।

তিনি প্লাটুন লিডার ও বিমান প্রতিরক্ষা আর্টিলারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।
মরক্কোর সামরিক অনুসন্ধানকারী দল ২ মে যে খাড়া পাহাড়ি এলাকা থেকে দুই মার্কিন সেনা নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় এক মাইল দূরে সমুদ্রের পানিতে এক সেনার মরদেহ উদ্ধার করেছে। অন্য নিখোঁজ সেনার সন্ধানে এখনো যৌথ অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মরক্কোর বাহিনী। তাদের খুঁজতে স্থল, আকাশ ও সমুদ্রপথে তল্লাশি চলছে।
এদিকে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যাস্ত দেখতে একদল সেনা পাহাড়ি এলাকায় হাঁটতে গিয়েছিলেন। এ সময় একজন সমুদ্রে পড়ে যান। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, তাকে উদ্ধারের জন্য অন্য সেনারা নিজেদের বেল্ট দিয়ে মানবশৃঙ্খল তৈরি করার চেষ্টা করেন। কিন্তু তা ব্যর্থ হলে আরেক সেনা সমুদ্রে ঝাঁপ দেন সহকর্মীকে বাঁচাতে।
প্রতিবেদনে বলা হয়েছে, যিনি পানিতে পড়েছিলেন তিনিও সাঁতার জানতেন না।
এরপর বড় একটি ঢেউ দ্বিতীয় সেনাকেও ভাসিয়ে নিয়ে যায়। তখন তৃতীয় আরেক সেনা তাদের উদ্ধার করতে পানিতে নামেন। তবে তিনি শেষ পর্যন্ত দুজনকে উদ্ধার করতে না পেরে নিজেই ক্যাম্পে ফিরে আসেন। ফার্স্ট লেফটেন্যান্ট কি প্রথমে সমুদ্রে পড়েছিলেন, নাকি উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন, তা এখনো পরিষ্কার নয়।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তার মরদেহ কাছের একটি মর্গে নেওয়া হয়েছে এবং পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।
১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কার্টিস কিং এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সেনার মৃত্যুতে তারা শোকাহত। কিং বলেন, ‘তার পরিবার, বন্ধু, সতীর্থ এবং যারা তাকে চিনতেন ও তার সঙ্গে কাজ করেছেন, তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছে।’
১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ড জানিয়েছে, ফার্স্ট লেফটেন্যান্ট কি-এর মৃত্যুতে পুরো ইউনিট গভীরভাবে শোকাহত। তারা তার জীবন ও সামরিক সেবার প্রতি সম্মান জানিয়ে পরিবার ও সহকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করেছে।
নিখোঁজ দুই সেনাই ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামের একটি বার্ষিক যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছিলেন। এই মহড়ার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র, ন্যাটো মিত্রদেশ এবং আফ্রিকার দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরো শক্তিশালী করা। ‘আফ্রিকান লায়ন’ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া। এটি মরক্কো, ঘানা, সেনেগাল ও তিউনিসিয়ায় অনুষ্ঠিত হয়।










