সিল্কসিটিনিউজ ডেস্ক :
হজ ও ওমরাহ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে ইহরামের বিধান নিয়ে অনেকের মাঝেই নানা প্রশ্ন দেখা যায়, বিশেষ করে নারীদের পোশাক ও পর্দা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। অনেক নারী জানতে চান— ইহরাম অবস্থায় হাতে বা পায়ে মোজা পরা যাবে কি না। এ বিষয়ে ইসলামি শরিয়তে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা কী?
হাদিস ও ফকিহদের ব্যাখ্যার আলোকে জানা যায়, ইহরাম অবস্থায় নারীদের জন্য হাত ও পায়ে মোজা পরিধান করা বৈধ। তাই নারীরা ইহরাম অবস্থায় হাতে ও পায়ে মোজা পরতে পারবেন। এ বিষয়ে একাধিক হাদিস ও সাহাবায়ে কেরামের আমল উল্লেখ করা হলো—

হজরত সালেম (রহ.) বলেন, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় থাকা নারীদের পা-মোজা কেটে দিতেন। পরে হজরত সফিয়া বিনতে আবু উবাইদা (রা.) তাকে আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস শোনান। হাদিস হলো—
أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَخَّصَ لِلنِّسَاءِ فِي الْخُفَّيْنِ
‘রাসুলুল্লাহ (সা.) ইহরাম অবস্থায় নারীদের পা-মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন।’ (আবু দাউদ ১৮৩১)
এরপর থেকে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ইহরাম অবস্থায় নারীদের পা-মোজা কাটতে নিষেধ করতেন না। সাহাবিদের আমলও একই নির্দেশনা দেয়
হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত—
الْمُحْرِمَةُ تَلْبَسُ الْخُفَّيْنِ وَالْقُفَّازَيْنِ
‘ইহরাম অবস্থায় নারী পা-মোজা ও হাত-মোজা পরিধান করতে পারবে।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৪৪)
এ ছাড়া সাহাবি হজরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) ইহরাম অবস্থায় তার মেয়েদের হাত-মোজা পরার নির্দেশ দিতেন। (কিতাবুল উম্ম ২/২২৩)
ফকিহদের মতামত
উল্লিখিত হাদিস ও সাহাবায়ে কেরামের আমলের ভিত্তিতে ফকিহগণ মত দিয়েছেন যে, ইহরাম অবস্থায় নারীদের জন্য হাতে ও পায়ে মোজা পরা জায়েজ।
তবে নারীদের জন্য মুখমণ্ডল ঢাকার ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। তাই ইহরামের সময় পোশাক ও পর্দা বিষয়ে সচেতনভাবে শরিয়তের নির্দেশনা অনুসরণ করা উচিত।
ইসলাম নারীদের জন্য ইহরামের বিধানকে সহজ ও শালীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেছে। তাই ইহরাম অবস্থায় নারীদের হাতে ও পায়ে মোজা পরিধান করা বৈধ এবং হাদিস দ্বারা প্রমাণিত। এ বিষয়ে অযথা দ্বিধা বা বিভ্রান্তির সুযোগ নেই। হজ ও ওমরাহর মতো মহান ইবাদত সঠিকভাবে আদায়ের জন্য প্রয়োজন সহিহ জ্ঞান ও সচেতনতা। তাই যেকোনো মাসআলা জানার ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেম ও বিশুদ্ধ হাদিসের আলোকে আমল করাই একজন মুমিনের জন্য উত্তম পথ।
সূত্র: যুগান্তর









