সিল্কসিটিনিউজ ডেস্ক :
নতুন টেলিভিশন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজটির সহ-অভিনেতা নিক অফারম্যান।
সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অফারম্যান জানান, শুটিং সেটে পৌঁছানোর পরই বোঝা যাচ্ছিল ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী গুরুতর অসুস্থ।

তিনি বলেন, সেদিন নিকোলকে খুব ফ্যাকাশে ও বিধ্বস্ত দেখাচ্ছিল, তার তীব্র ইনফ্লুয়েঞ্জা হয়েছিল।
শারীরিকভাবে দুর্বল থাকলেও শুটিং বন্ধ করতে চাননি নিকোল কিডম্যান।
এল ফ্যানিং অভিনীত এই সিরিজে তিনি ‘লেস’ নামের এক সাবেক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে শতাধিক শিল্পীর অংশগ্রহণ থাকায় তিনি শেষ পর্যন্ত শুটিং সম্পন্ন করেন।
নিক অফারম্যান জানান, দিনের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিডম্যানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তাকে আইভি ফ্লুইড (স্যালাইন) দেওয়া হয়।
বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে গত দেড় বছর ধরে ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পরপরই মাকে হারান তিনি।
এছাড়া ২০২৫ সালের শুরু থেকে স্বামী কিথ আরবানের সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। পরে চলতি বছরের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে বলে গুঞ্জন ছড়ায়।









