সিল্কসিটিনিউজ ডেস্ক :
পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্ত থেকে দুই বাংলাদেশি স্কুলছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) সকালে ওই সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় তারা। এ সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ করে স্থানীয়রা। তারা চিৎকার ও মারধরের দৃশ্য দেখতে পান বলেও দাবি করেন।
ওই দুই কিশোর হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)। তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী প্রধানপাড়া এলাকায় বোন রাধিকা রানীর বাড়িতে বেড়াতে গিয়েছিল।

উদয়ের মা সুশীলা রানী বলেন, ‘আমার ছেলে ও নাতি ভুলক্রমে সীমান্তে ছবি তুলতে যায়। আমার একটাই ছেলে।
তাদের ফিরিয়ে দিন।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস বলেন, ওই দুই স্কুলছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরানোর প্রক্রিয়া চলছে।









