সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হরমুজে আটকে পড়া নাবিকদের জন্য সহায়তার আহ্বান আইএমওর

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
হরমুজে আটকে পড়া নাবিকদের জন্য সহায়তার আহ্বান আইএমওর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হরমুজ প্রণালিতে আটকে পড়া হাজারো নাবিকের জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সমুদ্রবিষয়ক সংস্থার প্রধান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় বন্ধ হয়ে গেছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২০ হাজার নাবিক এবং ২ হাজার জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে—জানিয়েছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)। সাধারণ সময়ে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন হয়।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ সিঙ্গাপুরে এক সম্মেলনে বলেন, আটকে থাকা নাবিকরা এখন মানসিক চাপ ও ক্লান্তিতে ভুগছেন। তিনি জাহাজ কম্পানিগুলোকে দূর থেকে তাদের সহায়তা দেওয়ার আহ্বান জানান এবং মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে বলেন জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তিনি আরো জানান, কিছু দেশ নাবিকদের জন্য ২৪ ঘণ্টার সহায়তা হটলাইন চালু করেছে, আবার কিছু দেশ খাবারসহ জরুরি সহায়তা দিচ্ছে। তবে ব্যক্তিগতভাবে আরো উদ্যোগ নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।

নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের কথা শোনার ওপরও তিনি গুরুত্ব দেন, যাতে তারা একাকিত্ব অনুভব না করেন।