সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন।

এর আগে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ধারণা করা হয়, ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে চীন।

ইরানি পতাকাবাহী পণ্যবাহী যে জাহাজটি মার্কিন নৌবাহিনী আটক করেছে, সেটিকে সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিবৃতিতে বলা হয়েছে, বারবার সতর্ক করার পরও সেটি না মানার কারণে রবিবার মার্কিন নৌ সেনারা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় এবং ইরানি জাহাজটিতে আটক করে। ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম।

সেখানে মার্কিন সেনাদেরকে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ইরানি জাহাজের ডেকের ওপর নামতে দেখা যাচ্ছে।
এদিকে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটকের ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান।