সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে যা জানা যাচ্ছে

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে যা জানা যাচ্ছে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই তা লঙ্ঘন করেছে। তিনি আরো বলেন, পূর্ববর্তী আলোচনার সময় যুক্তরাষ্ট্রের হামলার কথা ইরান ভুলতে পারে না।

বাঘাই বলেন, ‘এই মুহূর্তে…পরবর্তী দফায় আলোচনায় বসার পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও চূড়ান্ত হয়নি।

’ এমন একটি সময় তিনি এই তথ্য জানালেন যখন দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য আজ সোমবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান। এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এসব ঘটনায় দুইপক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরো কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সেরেনা হোটেল ও এর পাশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে, হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১১ই এপ্রিল এই হোটেলেই প্রথম দফায় শান্তি আলোচনা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। যদিও ওই আলোচনা সফল হয়নি। সোমবার পুনরায় এখানে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদ পৌঁছাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।