সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইরানের ওপর সমুদ্রপথে অবরোধ আরো জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এই অবরোধের আওতায় নতুন করে বিভিন্ন পণ্যকে অবৈধ হিসেবে বিবেচিত করা হয়েছে।
মার্কিন নৌবাহিনী এক সতর্কবার্তায় জানিয়েছে, কোনো জাহাজ ইরানের দিকে যাচ্ছে বলে সন্দেহ হলে সেটিকে থামানো হবে। তারপর জাহাজে উঠে তল্লাশি করা হবে।

দরকার হলে জাহাজের পণ্য জব্দও করা হবে।
নৌবাহিনী আরো জানায়, এসব জাহাজ পৃথিবীর যেখানেই থাকুক তাতে উঠে তল্লাশি চালানো হবে এবং প্রয়োজনে জব্দ করাও যেতে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সোমবার জারি করা অবরোধের পর নতুন নির্দেশনায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।
অবরোধের আওতায় থাকা নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম, গোলাবারুদ, পারমাণবিক উপকরণ, অপরিশোধিত ও পরিশোধিত তেল, লোহা, ইস্পাত ও অ্যালুমিনিয়াম।
উল্লেখ্য, ১৩ এপ্রিল সকাল ১০টা (ইস্টার্ন টাইম) থেকে ইরানের সব বন্দরে ঢোকা ও বের হওয়া জাহাজের ওপর অবরোধ চালু হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিতেও এই অবরোধ কার্যকর করা হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, ইরানের বন্দর বা উপকূল দিয়ে যাওয়া-আসা করা সব দেশের জাহাজই এই অবরোধের আওতায় পড়বে। এর মধ্যে আরব উপসাগর ও ওমান উপসাগর অঞ্চলের ইরানি বন্দরও রয়েছে।
তবে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য দেশে যেতে হরমুজ প্রণালি ব্যবহার করবে, তাদের চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে সেন্টকম।










