সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

শীতলক্ষ্যায় নিখোঁজ জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
শীতলক্ষ্যায় নিখোঁজ জাহাজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজ থেকে পড়ে নিখোঁজ শ্রমিক ইসমাইল গাজীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে নদীর কাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসমাইল গাজী বরগুনার পাথরঘাটা উপজেলার ঘোটারবাছা এলাকার মো. হানিফের ছেলে। তিনি এমবি গোলাপ-২ লাইটার জাহাজের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার মালো বলেন, ‘ভোর ৪টার দিকে রূপগঞ্জের কাজীপাড়া সোনালীঘাট এলাকায় এমবি গোলাপ-২ লাইটার জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন ইসমাইল গাজী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’