ছবিঘর

ফের মস্কো উৎসবে আসিফের ছবি

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৪ সালে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল আসিফ ইসলামের ছবি ‘নির্বাণ’। সেবার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায় ছবিটি। দুই বছর পর ফের মস্কো উৎসবে আসিফের ছবি। এবার যাবেন ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ নিয়ে।

উৎসবের আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে ছবিটি। এ ছবির প্রধান চরিত্রে আছেন আশনা হাবিব ভাবনা। গতকাল খবরটি জানিয়েছেন আসিফ। ফেসবুক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের শেকড় থেকে মস্কোতে।

সবার সঙ্গে এই যাত্রা ভাগাভাগি করে নিতে পেরে আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। ছবির পুরো টিমকে বিশেষ ধন্যবাদ।’ আসিফ জানান, ছবিটি নির্মাণ করেছেন বাংলার ঐতিহ্য যাত্রাপালা নিয়ে। এতে যাত্রার মূল আকর্ষণ প্রিন্সেস ভূমিকায় থাকবেন ভাবনা।

তাঁর সঙ্গে আরো অভিনয় করেছেন অরবিন্দ মজুমদার, সতেজ চৌধুরী, মাহমুদ আলম, এ. কে. আজাদ সেতু, সালাউদ্দিন শেখ ও জান্নাতুল বাকের খান।
উল্লেখ্য, এবার মস্কো উৎসবে আরেকটি বাংলাদেশি ছবিও যাচ্ছে। ‘অতল’ নামের ছবিটি বানিয়েছেন যুবরাজ শামীম। ২০২২ সালে তাঁর ‘আদিম’ মস্কোতে অংশ নিয়ে দুটি পুরস্কার জিতেছিল।