সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ৪

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পরিবারের সদস্যদের উপস্থিতিতে গতকাল শনিবার একটি মন্দিরে বিয়ে করেন ২৫ বছর বয়সী বিরেন্দ্র শাক্য। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ রাজেশ্বরী শাক্যকে নিয়ে রবিবার বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে ট্রাকচাপায় প্রাণ গেল নবদম্পতিসহ ৪ জনের।

ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় পোলট্রি খাদ্যবোঝাই একটি ট্রাক উল্টে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে।

ওই অটোরিকশায় থাকা চারজনই নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে উল্টে সরাসরি অটোরিকশার ওপর পড়ে।

নিহতরা হলেন— বিরেন্দ্র শাক্য, তার স্ত্রী রাজেশ্বরী শাক্য, মা অনভেশ শাক্য (৫০) এবং ভাবি রাজো শাক্য (২২)। তবে এ সময় তার বোন ভুরিয়া শাক্য (১৯) ও অটোচালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একটি বুলডোজার ব্যবহার করে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ট্রাক সরিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তবে হৃদয়বিদারক বিষয় হচ্ছে, দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া ভুরিয়া শাক্যের বাগদান হওয়ার কথা ছিল আজ। কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এখন পরিবারের ৪ জনের শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে।