জাতীয়

মানিকছড়িতে শিশু যৌন নিপীড়ন : আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়িতে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় আসামি মো. সাব্বির (১৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তিনটহরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি পাশের উপজেলা ফটিকছড়িতে একটি ফলের দোকানে চাকরি করেন।

পরিবারের অভিযোগ, গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে কেক খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন সাব্বির। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের বাড়ি থেকে শিশুকন্যাকে উদ্ধার করেন মা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

বর্তমানে শিশুটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির মা বলেন, সময়মতো বিষয়টি বুঝতে পারায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তিনি এ ঘটনার অভিযুক্তের দ্রুত বিচার দাবি করেন।

প্রতিবেশীরা জানান, অভিযুক্তের বাড়ি ভুক্তভোগী পরিবারের পাশেই। ঘটনার রাতে বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একটি পক্ষ সমঝোতার চেষ্টা চালায়।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরা হয়রানির অভিযোগ নিয়ে এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে দ্রুত আইনি ব্যবস্থা নেয় পুলিশ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, আজ (শনিবার) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা জানান, ভুক্তভোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

হাসপাতালের অপর এক চিকিৎসক সোমেন চাকমা বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।