সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচের জন্মদিনটিকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করলেন দেশের জাদুশিল্পীরা। জাদুশিল্পী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুক্রবার (১০ এপ্রিল) রাতে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হলো, জুয়েল আইচের জন্ম না হলে জাদুশিল্পীদের কেউ একুশে পদক পেত না, মুক্তিযুদ্ধ হতো না। আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা তিনি।

শুধু ম্যাজিশিয়ান না তিনি একজন শিল্পী। তার সহযোগিতায় আমরা ম্যাজিকের চমৎকার পরিবেশ তৈরি করব।
বলা হলো, সবুজ বাংলাদেশে জুয়েল আইচ লাল সূর্যের মতো। সব্যসাচী এই মানুষটিকে আমরা চির তরুণ হিসেবেই আরো বহুদিন আমাদের মাঝে পেতে চাই।
সদা হাস্যোজ্বলতার প্রতিকৃতি জুয়েল আইচ কেবল বাংলাদেশের সম্পদ না বিশ্বের সম্পদ।
রাজধানীর এফডিসিতে আয়োজিত জন্মদিনের এই অনুষ্ঠানে জাদুশিল্পীদের মধ্যে সংগঠনটির সভাপতি শাহীন শাহ, আলী রাজ, জাদু দম্পতি অনিক ও তৃষা, ক্ষুদে জাদুশিল্পী জিসান তাদের জাদু পরিবেশন করেন।
কৌতুক শিল্পী শাহীন খানের কৌতুক কথন, আনন্দ নিকেতন সঙ্গীত একাডেমিসহ তিনটি সংগঠনের শিল্পীদের নৃত্য ও এসআই সুমনের সঙ্গীত পরিবেশনা ছিল উপভোগ্য।
অনুষ্ঠানে দেশের জন্য জুয়েল আইচের অবদান তুলে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন- কালের কণ্ঠর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, জুয়েল আইচের জীবনসঙ্গী বিপাশা আইচ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি রফিকুল ইসলাম, এটিএন বাংলার সাজেদুর রহমান মনিম ও তাশিক আহমেদ, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাবির সাবেক সিনেট সদস্য লিয়াকত আলী, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জুয়েল আইচ পিনপতন নীরবতার মধ্যে তার প্রেরণাদায়ক বক্তব্যে সবাইকে মুগ্ধ করেন। স্মরণ করেন দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতার কথা। নিজের ইচ্ছা ও বর্তমান দিনযাপনের কথা বলতে গিয়ে কন্যা খেয়া আইচের কিভাবে তাঁর মায়ের ভূমিকা গ্রহণ করেছে তাও জানান।









