সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে। তবে এ নিয়ে জোর গুঞ্জন উঠেছে, যুদ্ধবিরতিতে শুধু পাকিস্তানের ভূমিকাই ছিল, নাকি শেষ মুহূর্তে এই যুদ্ধবিরতি সম্ভব করতে চীন হস্তক্ষেপ করে?
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কয়েকজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, তেহরানকে যুদ্ধবিরতির দিকে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে একই ইঙ্গিত দিয়েছে।

ইরান ও রাশিয়ার সঙ্গে চীনের আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বড় ধরনের কূটনৈতিক ভূমিকার প্রত্যাশা তৈরি হয়। তবে বাস্তবে বেইজিং এখনো নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে বৈশ্বিক রপ্তানিনির্ভর অর্থনীতিকে সুরক্ষিত রাখাই চীনের প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে।
তবে চীন যুদ্ধবিরতির সরাসরি মধ্যস্থতার দাবি এড়িয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংঘাত বন্ধে বেইজিং সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন।
বিশ্লেষকদের মতে, চীনের এই অবস্থান মূলত কৌশলগত। কাউন্সিল অন ফরেন রিলেশনস (সিএফআর) এর গবেষক ড. জংইয়ুয়ান জোয়ি লিউ বলেন, চীন সরাসরি মধ্যস্থতাকারী নয়; বরং পরিস্থিতি শান্ত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। এতে তাদের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।
মূলত বৈশ্বিক অর্থনীতিতে সম্ভাব্য ধাক্কা ঠেকানোই চীনের প্রধান উদ্বেগ। দেশটির জিডিপির বড় অংশই রপ্তানিনির্ভর। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটলে তা দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা সতর্ক করেছেন, হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বৈশ্বিক প্রবৃদ্ধি আরও ধীর হতে পারে। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ হয়, যা জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে।
ইতোমধ্যে জ্বালানির দাম বাড়ায় চীন চাপে পড়েছে। মার্চ মাসে দেশটিতে পেট্রলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা শিল্প উৎপাদনেও প্রভাব ফেলছে।
সবমিলিয়ে ইরান যুদ্ধবিরতিতে চীনের সম্পৃক্ততা থাকলেও তা মূলত রাজনৈতিক নেতৃত্বের চেয়ে অর্থনৈতিক স্বার্থ রক্ষার কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: সিএনবিসি










