সদ্য প্রকাশিত
অন্যান্য

বনের পাশে জঙ্গলবাড়ি

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬৩ মিনিট পড়া
বনের পাশে জঙ্গলবাড়ি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লোকসানের মুখে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে— করোনাকালে এমন আশঙ্কায় পোশাক কারখানার চাকরি ছেড়ে নিজ গ্রাম খুলনার দাকোপ উপজেলার ঢাংমারীতে ফিরে আসেন উত্তম মিস্ত্রি। কিছুদিন বেকার থাকার পর ভাগ্য বদলায় তার—যোগ দেন জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। আজ সেই রিসোর্টেরই একজন অভিজ্ঞ কর্মী তিনি।

উত্তমের মতো একই গ্রামের আরেক যুবক ইলিয়াস এখন ওই রিসোর্টের সুপারভাইজার।

একসময় তার পরিবার সুন্দরবনের ওপর নির্ভরশীল ছিল। মাছ ধরা, কাঠ সংগ্রহ কিংবা বনজসম্পদ আহরণ ছিল তার জীবিকার উৎস। কিন্তু সময় বদলেছে। এখন তারা বন উজাড় করেন না, শিকার করেন না বন্যপ্রাণী।

বরং বন রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছেন অন্যদের মাঝেও।
সুন্দরবনের প্রবেশদ্বার খ্যাত ঢাংমারী খালপারে গড়ে ওঠা একের পর এক ইকো রিসোর্ট বদলে দিয়েছে এই জনপদের চিত্র। বানিশান্তা থেকে বুড়ির ডাবর বাজার পর্যন্ত গত পাঁচ-ছয় বছরে গড়ে উঠেছে অন্তত ১৪টি ইকো রিসোর্ট। এসব রিসোর্টে উত্তম-ইলিয়াসদের মতো প্রায় তিন শতাধিক মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে।

এর বাইরেও অনেকে মুদি দোকান, পরিবহন কিংবা পর্যটক পরিবহনের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা খুঁজে নিয়েছেন।
নদীপথে পর্যটক বহনে এখন নিয়মিত চলাচল করছে জালিবোট। কেউ ইজি বাইক চালাচ্ছেন, কেউ ছোট ব্যবসা গড়ে তুলেছেন। বাঘ-কুমিরের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাওয়ার জীবন ছেড়ে এখন অনেকেই নিরাপদ ও স্থিতিশীল আয়ের পথে হাঁটছেন।

সম্প্রতি ঢাংমারী খালপাড়ের জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ ইকো রিসোর্টে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে আসা নবদম্পতিরা উপভোগ করছেন সুন্দরবনের সৌন্দর্য।

আড়াই ঘণ্টার নৌভ্রমণ তাদের ভ্রমণের শুরুটাকে করে তুলেছে স্মরণীয়। বিকেলের ক্যানেল ক্রুজ আর সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনের অপেক্ষায় তাদের চোখে ছিল উচ্ছ্বাস।
জঙ্গলবাড়ির পাশাপাশি বনবিবি ফরেস্ট রিসোর্ট, বনবাস, অরণ্যছাড়া, ইরাবতী, বনমালী, দ্য ফরেস্ট রিট্রিট, গোল কানন, পিয়ালীসহ বেশ কিছু ইকো রিসোর্ট পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, ইকো রিসোর্টের এই যাত্রা শুরু ৮-১০ বছর আগে, যখন বেসরকারি উদ্যোগে ছোট ছোট ইকো কটেজ গড়ে উঠেছিল। যদিও সেগুলোর বেশিরভাগই সময়ের সঙ্গে হারিয়ে গেছে। তবে সেখান থেকেই শিক্ষা নিয়ে আজকের বড় আকারের ইকো রিসোর্টগুলোর বিকাশ।

স্থানীয়দের মতে, আগে যারা বননির্ভর পেশায় যুক্ত ছিলেন, তাদের অনেকেই এখন রিসোর্টে কাজ করছেন। ফলে একদিকে যেমন বননির্ভরতা কমছে, অন্যদিকে সুন্দরবন সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সৃষ্টি হয়েছে নতুন বাজার।

জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টের ব্যবস্থাপক ফয়সাল বলেন, পরিবেশবান্ধব নকশায় গড়ে ওঠা এসব রিসোর্টে রয়েছে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। রিসোর্টগুলো পরিদর্শনকালে প্লাস্টিক বর্জনের উদ্যোগও চোখে পড়ার মতো।
কাঁচের বোতল ও টিনের ক্যানেই সীমাবদ্ধ পানীয় পরিবেশন। কাঠের ব্যবহারও রয়েছে সীমিত। সুন্দরবনের গাছ না কেটে লোকালয় থেকে সংগ্রহ করা বাঁশ-কাঠ দিয়ে নির্মাণ করা কটেজগুলো প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আছে। ওপরে ব্যবহৃত হয়েছে সুন্দরবনের ঐতিহ্য গোলপাতা।

সুন্দরবন রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন শাওনের মতে, সম্ভাবনা থাকা সত্ত্বেও নীতিগত সমন্বয়ের অভাবে এই খাত পুরোপুরি বিকশিত হচ্ছে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলামের ভাষায়, টেকসই বন ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সবুজ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। তার মতে, বন শুধু পরিবেশ নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তারও একটি শক্তিশালী ভিত্তি। সব মিলিয়ে ঢাংমারীর এই রিসোর্টপাড়া একটি বড় উদাহরণ।