সিল্কসিটিনিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি খণ্ডবিখণ্ড তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ছিলেন মা-ছেলে ও খালা।
নিহতরা হলেন, মিঝিমিঝি এলাকার আব্দুস সামাদের মেয়ে লামিয়া আক্তার ও স্বপ্না আক্তার এবং লামিয়ার ৪ বছর বয়সি ছেলে আব্দুল্লাহ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিনটি লাশের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সিদ্ধিরগঞ্জে খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।’









