সিল্কসিটিনিউজ ডেস্ক:
সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ সেক্স লাইফ! চিকিৎসকদের মতে, সুস্থ, স্বাভাবিক যৌনতা কেবল সম্পর্কের ভিতকেই মজবুত করে না, মানসিক অবসাদ দূর করে, বাড়িয়ে তোলে জীবনীশক্তি।


কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই প্রজন্ম সেক্স-এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আর তার মূলে রয়েছে স্মার্টফোন!

সম্প্রতি এক মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থার গবেষণায় উঠে এল এমনই চমকপ্রদ তথ্য! লিভ ইন হোক বা বিবাহিত সম্পর্ক— সব ক্ষেত্রেই যৌন জীবনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেডরুমেও স্মার্টফোনের উপস্থিতি। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা নয়তো ইউটিউব বা অ্যাপে সিনেমা, ওয়েব সিরিজ দেখা! সঙ্গীর দিকে মন দেওয়ার সময়ই নেই! ফলে ‘কোয়ালিটি টাইম’-এর ঝুলি শূন্য!

গবেষকরা প্রায় ২ হাজার দম্পতির উপর সমীক্ষা চালিয়ে দেখেন, এই প্রজন্মর প্রায় তিন-চতুর্থাংশ নারী ও পুরুষ একান্ত নিজস্ব সময়ও রতিক্রীড়ার চেয়ে বেশি ব্যস্ত থাকেন মোবাইল ফোনে। শুধু তা-ই নয়, নারী-পুরুষ নির্বিশেষ অধিকাংশের দাবি, ঘুমোতে যাওয়ার আগে পার্টনারের মুখ নয়, মোবাইল দেখেই চোখ বোজেন তাঁরা।

পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৫৫ শতাংশের মত, কেবল যৌন জীবনই নয়, অত্যধিক ফোন ব্যবহারের কারণেই নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক সম্পর্কও ব্যাহত হচ্ছে। ৩৫ শতাংশ জানাচ্ছেন, মোবাইল আসক্তির কারণে তাঁদের মধ্যে বিশেষ কোনও শারীরিক সম্পর্কও নেই বহু দিন ধরে।









